চলমান বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বনাম জর্ডানের খেলা চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার কেন্দুয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিসে হামলার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতার ছোড়া ইট-পাটকেলে অফিস ভবনের দুটি জানালার কাচ ভেঙে যায়।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্র জানা গেছে, খেলা চলাকালে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ক্ষুব্ধ হয়ে শতাধিক ব্যক্তি জেলার কেন্দুয়া উপজেলা সদরের পল্লী বিদ্যুতের জোনাল অফিসে গিয়ে হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, কেন্দুয়া উপজেলায় প্রায় ৯৪ হাজার গ্রাহক রয়েছে। সাহিতপুর ও রামপুর—এই দুটি উপকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। উপজেলায় বর্তমানে বিদ্যুতের চাহিদা ২৭ মেগাওয়াট হলেও সাহিতপুর উপকেন্দ্রে গড়ে ৭ থেকে ৮ মেগাওয়াট এবং রামপুর উপকেন্দ্রে মাত্র ২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। এতে গ্রামাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। তবে পৌরসভাসহ ৯ ও ১ নং ফিডারে তুলনামূলক কম লোডশেডিং করা হচ্ছে।
পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম (প্রকৌশলী) মো. ওমর ফারুক বলেন, ঘটনাটি স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। থানায় লিখিত অভিযোগও করা হয়েছে।
তিনি বলেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অনেক কম থাকায় গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না। হামলার ঘটনার পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কেন্দুয়া থানার এএসআই বাদল মিয়া বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








