স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক। শহর এগিয়ে গেলেও গ্রাম পিছিয়ে থাকলে প্রকৃত সমৃদ্ধি অর্জন সম্ভব নয়।
সোমবার রাজধানীর সিরডাপ (সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক) মিলনায়তনে সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রায় পাঁচ দশক ধরে সিরডাপ আঞ্চলিক সংহতি, দারিদ্র্য হ্রাস ও সদস্য দেশগুলোর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ২১৫টি গবেষণা, ৩৫০টি সক্ষমতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং আট হাজারের বেশি সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে। বর্তমানে ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে ১ লাখ ২০ হাজারের বেশি অংশীজনের কাছে পৌঁছে নীতিনির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে সেতুবন্ধন তৈরি করছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, ডিজিটাল রূপান্তর ও যুব বেকারত্বের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সিরডাপ জলবায়ু-সহনশীল কৃষি ও গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে। পাশাপাশি আরও ৪০টি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়া বর্তমান সরকার পল্লী উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সম্পূর্ণ মওকুফ করায় ১২ লাখের বেশি কৃষক উপকৃত হয়েছেন। এছাড়া আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যা সেচব্যবস্থা উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।
তিনি আরও জানান, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের নারীপ্রধান পরিবারকে মাসিক আর্থিক সহায়তা এবং ‘ফার্মার কার্ড’-এর মাধ্যমে কৃষকদের ভর্তুকিপ্রাপ্ত কৃষি উপকরণ, ঋণ, বীমা ও বাজারসুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি আনসার-ভিডিপিসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে গ্রামগুলোকে প্রশাসন, অবকাঠামো ও জনসেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার দিয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গ্রামীণ জনগণের জীবনমানের গুণগত পরিবর্তনে কাজ করছে।
বক্তব্যের শেষে তিনি সিরডাপের ৪৭ বছরের অবদানকে প্রশংসা করেন এবং বিশ্ব পল্লী উন্নয়ন দিবসের আন্তর্জাতিক স্বীকৃতিকে স্বাগত জানান।
সূত্রঃ বাসস









