এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বেড়ে ১৫ শতাংশ

ডেস্ক রিপোর্ট

এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা আরও ৭ দশমিক ৫ শতাংশ বাড়িয়েছে সরকার। ফলে চলতি বছরের জুলাই মাস থেকে তারা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন। তবে সর্বনিম্ন ভাতার পরিমাণ ২ হাজার টাকা অপরিবর্তিত থাকবে।

বুধবার (৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা দুই ধাপে নির্ধারণ করেছে।

সে অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে তারা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া ভাতা পাচ্ছেন। আর ২০২৬ সালের ১ জুলাই থেকে এর সঙ্গে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হওয়ায় মোট বাড়ি ভাড়া ভাতা দাঁড়াবে মূল বেতনের ১৫ শতাংশ।

মাউশি জানিয়েছে, এমপিও নীতিমালা এবং সরকার জারি করা সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে।

তবে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া অর্থ দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ভাতা প্রদান ও বিল পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান সব আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে এ খাতে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলেও সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর