২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম গড়ার পরিকল্পনা বিসিবির

স্পোর্টস ডেস্ক

২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নির্মাণে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে স্টেডিয়ামটির কাজ এগিয়ে নিতে সরকারের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম বলেন, “স্টেডিয়ামের জন্য সম্ভবত সরকারের অর্থায়ন লাগবে। আপনারা জানেন, ২০৩১ সালে বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ হবে। এটি ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এই আয়োজন বাংলাদেশের জন্য গর্বের বিষয়। আমি নিশ্চিত সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। যখন বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করা হয়েছিল, তখন পূর্বাচল স্টেডিয়ামও পরিকল্পনার অংশ ছিল।”

তিনি জানান, পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই এর কাজ শুরু হবে।

এ ছাড়া পূর্বে প্রণীত স্টেডিয়ামের নকশা বর্তমান বোর্ডের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে তামিম বলেন, নতুন চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী নকশা পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সবশেষ ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। দুই দশক পর ২০৩১ সালের বিশ্বকাপকে ঘিরে আবারও বড় পরিসরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর