৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার ডিএসসিসির নতুন বাজেট ঘোষণা

ডেস্ক রিপোর্ট

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বাস্তব আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণীত এ বাজেটে কোনো ঘাটতি রাখা হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগর ভবনে নতুন বাজেট ঘোষণা করবেন বিএনপি সরকারের নিয়োগপ্রাপ্ত ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। এটি নতুন সরকারের আমলে ডিএসসিসির প্রথম বাজেট।

ডিএসসিসি সূত্র জানায়, বিগত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ছিল ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকা। সে হিসাবে নতুন বাজেটের আকার বেড়েছে ১৬৩ কোটি ২২ লাখ টাকা। তবে আগের পাঁচ অর্থবছরের তুলনায় এবারের বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে ছোট।

সূত্র আরও জানায়, অতীতে সম্ভাব্য সরকারি অনুদানের ওপর নির্ভর করে বড় আকারের বাজেট ঘোষণা করা হলেও এবার সেই ধারা থেকে সরে এসেছে সংস্থাটি। এবার সম্ভাব্য আয়কে ভিত্তি করেই ব্যয় নির্ধারণ করা হয়েছে, ফলে বাজেটে কোনো ঘাটতি রাখা হচ্ছে না।

ডিএসসিসির এক কর্মকর্তা ঢাকা মেইলকে বলেন, “আগে আয় ৪ হাজার কোটি টাকা ধরা হলেও বাজেট করা হতো ৬ হাজার কোটি টাকা। অতিরিক্ত অর্থ সরকারের কাছ থেকে পাওয়ার আশা করা হতো। এবার সেই পদ্ধতি থেকে বেরিয়ে বাস্তবসম্মত বাজেট করা হয়েছে। আয় অনুযায়ী ব্যয় ধরা হয়েছে।”

নতুন বাজেটে জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএসসিসি সূত্র।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছিল ১ হাজার ৩২০ কোটি ৪৩ লাখ টাকা। সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয় ১ হাজার ৪৬৯ কোটি টাকা, সরকারি ও বিশেষ বরাদ্দ ১২৭ কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৭৯ কোটি ৫৫ লাখ টাকা।

অন্যদিকে পরিচালন ব্যয় ধরা হয়েছিল ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ৮৭৬ কোটি ৬৪ লাখ টাকা, সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় ১ হাজার ৪৬৯ কোটি ২৪ লাখ টাকা, সমাপনী স্থিতি (এফডিআরসহ) ৮৪৫ কোটি ১৬ লাখ টাকা এবং অন্যান্য ব্যয় ১৫ কোটি টাকা।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪-২৫ অর্থবছরে ডিএসসিসির বাজেট ছিল ৬ হাজার ৭৬০ কোটি ৭৪ লাখ টাকা। এরপর ২০২৫-২৬ অর্থবছরে বাজেট কমে দাঁড়ায় ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকা। এবার সেই বাজেট কিছুটা বাড়লেও আগের বড় বাজেটের ধারা থেকে সরে এসে বাস্তবভিত্তিক বাজেট প্রণয়ন করছে ডিএসসিসি।

এদিকে, সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নতুন অর্থবছরের জন্য ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় দেড় হাজার কোটি টাকা কম। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান আগের বাজেটকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছিলেন।

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর