কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন: অবহেলার অভিযোগে ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ডেস্ক রিপোর্ট

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি দেওয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

কারা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত থেকে তিন মাসের সাজাপ্রাপ্ত রিম্পা নামে এক নারী বন্দিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্তে জানা যায়, কারাবিধি অনুযায়ী প্রতিদিন বিকেল ৫টার মধ্যে বন্দিদের লকআপে নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা তা যথাযথভাবে পালন করেননি। ওই সুযোগে রিম্পা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান।

সূত্র আরও জানায়, ঘটনার সময় দায়িত্বে থাকা কয়েকজন মেট্রন ও নারী কারারক্ষীর সঙ্গে তিনজন বন্দিও কারাগারের অভ্যন্তরীণ কার্যক্রমে সহযোগিতা করছিলেন। দায়িত্ব পালনে শিথিলতার কারণেই এ পলায়নের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার কর্তৃপক্ষ গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। পলাতক বন্দিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার ও জেলারের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted