জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, “সালাহউদ্দিন আহমেদ দেশে বা বিদেশে যেখানেই থাকুন, যদি গণভোটকে অবৈধ বলা হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, আপনাদের বিএনপি সরকারও অবৈধ।”
বুধবার (২২ জুলাই) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বানিনগর উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির ‘জুলাই পথযাত্রা’ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সার্জিস আলম বলেন, আওয়ামী লীগের আমলে মেগা প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে প্রায় ১০ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপিও খাল খননের মেগা প্রকল্পে অনিয়ম করেছে।
তার অভিযোগ, শ্রমিক দিয়ে খাল খননের কথা বলা হলেও তালিকায় বিএনপির নেতাকর্মী এবং বহু আগে মারা যাওয়া ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে ড্রেজার দিয়ে খাল খনন করা হয়েছে এবং সেখানকার বালু ও পাথরও লুটপাট করা হয়েছে। তিনি দাবি করেন, বিএনপির নেতাদের অর্থ না দিলে কোনো ঠিকাদার কাজ শুরু করতে পারেন না।
তিনি আরও অভিযোগ করেন, প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হতে হলেও বিএনপির নেতা হতে হয়। “চাঁদাবাজ, দুর্নীতিবাজ কিংবা লম্পট—যেই হোক, বিএনপির পদে থাকতে হবে, না হলে সম্ভব নয়,” বলেন তিনি।
সাবেক আওয়ামী লীগ সরকারের সময়কার প্রশাসনের কর্মকর্তাদের প্রসঙ্গ টেনে সার্জিস আলম বলেন, “রাতের নির্বাচন ও ডামি নির্বাচন পরিচালনা করা ডিসি-এসপিরা ভেবেছিলেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তারা সচিব, উপদেষ্টা কিংবা বড় বড় পদ পাবেন। কিন্তু আজ তাদের একজনেরও চাকরি নেই।”
সভায় বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, লালমনিরহাটে স্বাস্থ্য ও শিক্ষা খাতের অবস্থা সন্তোষজনক নয়। “হাসপাতালে নার্স থাকলে ডাক্তার নেই, ডাক্তার থাকলে নার্স নেই, আবার নার্স থাকলে ওষুধ নেই। জেলার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে,” বলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, জেলার একজন প্রভাবশালী ব্যক্তি সারা দেশে ত্রাণ বিতরণ করলেও নিজ জেলা লালমনিরহাটে পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি।
এনসিপির লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব শাহ সুলতান নাসির উদ্দিন নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেএইচএম/কান্ট্রিবিডি









