গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার (১৬ জুলাই) একটি বিশেষ দিনকে সামনে রেখে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি র‌্যাব ও পুলিশের যৌথ টহল এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা টহল শুরু করেন। তাদের সঙ্গে র‌্যাব ও পুলিশ সদস্যরাও যৌথভাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে কাশিয়ানীতে লাইভ মিছিল থেকে ১৫ জন এবং গোপালগঞ্জ সদর থেকে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া ১৯ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার বলেন, নিয়মিত পুলিশের টহলের পাশাপাশি বিজিবিও মাঠে থাকবে। গোপালগঞ্জকে অন্য জেলার তুলনায় আলাদাভাবে দেখা হচ্ছে না। এখানকার মানুষ শান্তিপ্রিয় এবং ১৬ জুলাইকে ঘিরে বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে পাঁচজন নিহত হন।

গত বছরের সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবং কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এবার ১৬ জুলাইকে ঘিরে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted