‘চাইলে হোয়াইট হাউসেই ট্রাম্পকে হত্যা করতে পারে ইরান’—আইআরজিসির সাবেক কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে এক নজিরবিহীন ও সরাসরি হুমকিমূলক মন্তব্য করেছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক শীর্ষ কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে হোয়াইট হাউসের ভেতরে প্রবেশ করেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে।

মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইট ফারারু-কে দেওয়া এক সাক্ষাৎকারে কানানি মোকাদ্দাম এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ট্রাম্পকে যদি হত্যা করাই লক্ষ্য হয়, তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান খুব সহজেই তা হোয়াইট হাউসের ভেতরে গিয়ে করতে পারে। যখনই প্রয়োজন হবে, আমরা তা করতে সক্ষম।”

সাক্ষাৎকারে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার বিষয়েও মন্তব্য করেন আইআরজিসির সাবেক এই কমান্ডার।

তার দাবি, ইরানের দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার উদ্দেশ্য কোনো শান্তি চুক্তি প্রতিষ্ঠা করা নয়। বরং উত্তেজনা কমানো এবং ওয়াশিংটনের উত্থাপিত বিভিন্ন অভিযোগের জবাবে ইরানের অবস্থান তুলে ধরাই এই আলোচনার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, “আমরা ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সঙ্গে কোনো শান্তির জন্য আলোচনা করছি না। এই আলোচনার মাধ্যমে আমরা কেবল আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং যুক্তরাষ্ট্রের তোলা ভিত্তিহীন অভিযোগগুলোর জবাব দিতে চাই।”

কানানি মোকাদ্দাম আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ ও পাল্টা জবাব দেওয়ার বিষয়টি এখনো ইরানের নীতিগত অবস্থানের অংশ হিসেবে বহাল রয়েছে।

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা ও কূটনৈতিক টানাপোড়েন আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted