চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভয়াবহ ভূমিধসে ৩৩ জন শ্রমিক মাটিচাপা পড়েছেন। এদের মধ্যে এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টার দিকে গানসু প্রদেশের দ্যাংচ্যাং জেলার রেনসাং গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। খবর সাউথ চায়না পোস্ট।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, পাহাড়ি এ অঞ্চলে বৃষ্টি ও ভূমিক্ষয় রোধে প্রাদেশিক সরকারের উদ্যোগে একটি বনায়ন প্রকল্পের কাজ চলছিল। ভূমিধসে মাটিচাপা পড়া ৩৩ জনই ওই প্রকল্পের শ্রমিক ছিলেন। তারা কেউই রেনসাং গ্রামের স্থানীয় বাসিন্দা নন।
ঘটনার পরপরই দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রতিবছরের মতো এবারও গ্রীষ্ম মৌসুমে চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ ও ঝড়ের কারণে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। মঙ্গলবারের এই ভূমিধসের প্রধান কারণ হিসেবে ভারী বৃষ্টিপাতকে দায়ী করা হয়েছে। সম্প্রতি দক্ষিণ ও মধ্য চীনে টানা ঝড়-বৃষ্টির প্রভাবে গানসুতেও ভারী বর্ষণ শুরু হয়।
এদিকে গত কয়েক দিনের ঝড়-বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভবন ধসের ঘটনায় দক্ষিণ ও মধ্য চীনের বিভিন্ন প্রদেশে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশে সোমবার থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টিতে অন্তত ১৬ হাজার ৬০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিনহুয়ার তথ্য অনুযায়ী, সেখানে ৩৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।
এ ছাড়া আকস্মিক বন্যায় হুবেই প্রদেশে অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং প্রায় ৪ হাজার ৮০০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগকবলিত এলাকাগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সূত্র: সাউথ চায়না পোস্ট ও সিনহুয়া









