তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বীমা খাতকে একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর আওতায় এনে জনগণের আস্থা ফিরিয়ে আনা জরুরি।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বীমা খাতে সুশাসন, কার্যকর নীতিমালা এবং শক্তিশালী আইনি কাঠামো নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের আস্থা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বীমার প্রতি মানুষের বিশ্বাস তৈরি হলে ব্যক্তি ও পরিবার যেমন আর্থিক ঝুঁকি মোকাবিলায় সক্ষম হবে, তেমনি বিনিয়োগ ও উদ্যোক্তা কার্যক্রমও আরও গতিশীল হবে।
তিনি বলেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার অনেক গুরুত্বপূর্ণ উপাদান এখনো বাংলাদেশের অর্থনীতিতে পূর্ণমাত্রায় কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে না। বীমা খাত এমন একটি ক্ষেত্র, যা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জহির উদ্দিন স্বপন বলেন, একজন নাগরিক যখন নিজের ভবিষ্যৎ নিয়ে নিরাপদ বোধ করেন, তখন তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ ও উদ্যোক্তা কার্যক্রমে অংশ নেন। আর সেই নিরাপত্তাবোধ তৈরিতে বীমা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে, যার ইতিবাচক প্রভাব পড়ে সামগ্রিক অর্থনীতিতে।
তিনি আরও বলেন, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার কেবল গতানুগতিকভাবে রাষ্ট্র পরিচালনার জন্য ক্ষমতায় আসেনি। জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্রের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সংস্কার ও দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
মন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, রাজস্ব ব্যবস্থার দুর্বলতা দূর করা, অর্থ পাচার রোধ এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বীমা খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত অর্থমন্ত্রীর কাছে সুস্পষ্ট সুপারিশ উপস্থাপন করতে হবে। সরকারের সঙ্গে সমন্বয় করে এমন নীতিগত ও আইনি কাঠামো প্রণয়ন করতে হবে, যা এ খাতকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তুলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোফাজ্জল হোসেন।









