‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৫ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটের আনুষ্ঠানিক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, স্মারক ডাকটিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে। এর মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানকে স্বীকৃতি দেওয়া এবং দিবসটির গুরুত্ব জনগণের কাছে তুলে ধরাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সূত্র: বাসস









