আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একবার নয়, দুইবার বল জালে জড়িয়েছিলেন মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। তবে প্রথম গোলটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর সিদ্ধান্তে বাতিল হয়ে যায়। পরে আবার গোল করেও শেষ পর্যন্ত দলকে পরাজয়ের হতাশা থেকে রক্ষা করতে পারেননি তিনি।
মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের ৫৮তম মিনিটে জিকো আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে ব্যবধান ২-০ করার উল্লাসে মাতেন। তবে গোলটি উদযাপনের পর ভিএআরের পরামর্শে মাঠের মনিটরে ঘটনাটি পুনরায় দেখেন ম্যাচের রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার।
রিভিউতে দেখা যায়, আক্রমণের শুরুতে মিশরের মিডফিল্ডার মারওয়ান আতিয়া বল দখলের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে পায়ের নিচে চাপা দেন। ওই ফাউলের মাধ্যমেই মিশর বলের নিয়ন্ত্রণ নেয়। এরপর হাইসেম হাসান ডান প্রান্ত দিয়ে দ্রুত এগিয়ে জিকোর উদ্দেশে পাস বাড়ান। একা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পেয়ে নিখুঁত চিপ শটে বল জালে জড়ান জিকো।
তবে আক্রমণের সূচনায় ফাউল হওয়ায় শেষ পর্যন্ত গোলটি বাতিল করেন রেফারি।
অবশ্য হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি জিকোর। মাত্র ছয় মিনিট পর আরেকটি দ্রুত পাল্টা আক্রমণ থেকে আবারও গোল করে মিশরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এবার আর কোনো বাধা আসেনি।
কিন্তু সেই স্বস্তিও বেশিক্ষণ টেকেনি। ম্যাচের শেষ ১৪ মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। টানা তিন গোল করে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।









