গ্যাস সংকটে নাকাল রাজধানী

ডেস্ক রিপোর্ট

কক্সবাজারের মহেশখালীতে দেশের একমাত্র ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছেএর সরাসরি প্রভাব পড়েছে রাজধানী ঢাকা তিতাস গ্যাসের আওতাধীন বিস্তীর্ণ এলাকায়

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর থেকেই রাজধানীর অধিকাংশ এলাকায় গ্যাসের চাপ তলানিতে নেমে আসে। কোথাও পুরোপুরি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় হাজারো পরিবার রান্না করতে পারেনি। রাজধানীর প্রায় সব সিএনজি ফিলিং স্টেশনে সৃষ্টি হয়েছে দীর্ঘ জট ও কয়েক ঘণ্টার অপেক্ষার লাইন। পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও শিল্প খাতেও নেমে এসেছে অচলাবস্থা।

রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর, বনশ্রী, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, উত্তরা, শ্যামলী, কল্যাণপুর, ডেমরা, বাসাবো ও গেণ্ডারিয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ভোর থেকেই চুলায় আগুন জ্বলেনি। কোথাও গ্যাসের চাপ এতটাই কম ছিল যে দীর্ঘ সময় অপেক্ষা করেও রান্না করা সম্ভব হয়নি। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা ব্যবহার করেছে। যাদের সেই সুযোগ নেই, তারা বাইরে থেকে খাবার কিনে এনেছেন।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং ছোট শিশু থাকা পরিবারগুলো। অনেকেই সকালে রান্না করতে না পেরে না খেয়েই কর্মস্থলে যেতে বাধ্য হয়েছেন।

সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, চালকদের চরম দুর্ভোগ
গ্যাস সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। সকাল থেকেই বিভিন্ন স্টেশনের সামনে শত শত সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

স্টেশন মালিকরাও ক্ষতির মুখে
মিরপুরের ঢাকা সিএনজি ফিলিং স্টেশনের মালিক আবদুল মতিন বলেন, একটি গাড়িতে গ্যাস দিতে আগের তুলনায় অনেক বেশি সময় লাগছে। আগে যেখানে ৩০০ থেকে ৪০০ টাকার গ্যাস নেওয়া যেত, এখন ৪ থেকে ৫ ঘণ্টা দাঁড়িয়ে মাত্র ৫০ টাকার গ্যাস পাওয়া যাচ্ছে।

তিতাসের দুঃখ প্রকাশ
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাব ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রকৌশলী ও বিশেষজ্ঞরা দ্রুত মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে পুরোপুরি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপ বা সাময়িক সরবরাহ বিঘ্নের সমস্যার মুখোমুখি হতে হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে তিতাস।

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted