ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে আনোয়ার প্রভু ওরফে নারায়ন (৫৫) ও তার ছেলে নিমাই (২৩) নিহত হয়েছেন। এছাড়াও কবি (২৫) ও ভবানন্দ (২৩) নামে দুই যুবক আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পাটক্ষেতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই একসঙ্গে পাট কাটতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে দুপুরের দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছেলে নিমাই মারা যান । এছাড়া নিমাইর বাবা আনোয়ার প্রভুকে সহ একই এলাকার আরও দুই জন যুবকের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার প্রভু ওরফে নারায়ন মারা যান।
ওসি জানান, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ছেলে মারা যান ও তার বাবা আনোয়ার প্রভু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাবা ছেলের একসাথে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









