ঠাকুরগাঁওয়ে SPDS-এর উদ্যোগে ৪০০ গাছের চারা বিতরণ ও রোপণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং মানবসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে ঠাকুরগাঁওয়ে ৪০০টি গাছের চারা বিতরণ ও রোপণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (SPDS)। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে সংগঠনটির নতুন কার্যালয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাটে অবস্থিত প্রতিভা কিন্ডারগার্টেন বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে ৪০০টি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফেরদৌসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SPDS-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে পয়গাম আলী বলেন, “একটি গাছ মানেই একটি জীবনের নিরাপত্তা। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। SPDS যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবিদার। এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলবে।”

বিশেষ অতিথি মো. আশাদুল হক বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মাধ্যমে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ সত্যিই ইতিবাচক।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফেরদৌসী বলেন, “শিক্ষার্থীদের হাতে একটি গাছ তুলে দেওয়া মানে তাদের হাতে ভবিষ্যতের দায়িত্ব তুলে দেওয়া। SPDS-এর এই উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে আরও সচেতন হতে উদ্বুদ্ধ করবে।”

সভাপতির বক্তব্যে SPDS-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার বলেন, “পরিবেশ রক্ষা এবং মানবসেবাকে একসঙ্গে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। চলতি বর্ষা মৌসুমে ৫ হাজার গাছ রোপণ ও বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ২ হাজার গাছ রোপণ ও বিতরণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি নতুন কার্যালয় থেকে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।”

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মুন্সিরহাটে সংগঠনটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। SPDS-এর পক্ষ থেকে জানানো হয়, নতুন এ কার্যালয় থেকে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি পরিচালিত হবে।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন ও মানবসেবামূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং SPDS-এর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর