বৈরী আবহাওয়ায় পেছাল ‘ঢাকা উৎসব’, ২৯ আগস্ট উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

বৈরী আবহাওয়ার কারণে রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো আয়োজিত ‘ঢাকা উৎসব’-এর পূর্বঘোষিত কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১ আগস্টের পরিবর্তে উৎসবটি অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

তিনি বলেন, ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ঢাকা উৎসব’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন, খাল সংস্কার এবং সৌন্দর্যবর্ধন কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

আব্দুস সালাম বলেন, রাজধানীর সৌন্দর্যবর্ধনে সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ধানমন্ডি লেকের উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্ব পাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অন্যদিকে গুলশান লেক ও হাতিরঝিল এলাকার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে রাজউক-কে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নগরীর কোথাও ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা, খাল পরিষ্কারে ঘাটতি কিংবা সৌন্দর্যবর্ধন কার্যক্রমে কোনো সমস্যা থাকলে তা সংবাদমাধ্যমে তুলে ধরতে হবে। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে পারবে।

রাজধানীর ঐতিহ্য, সংস্কৃতি ও নাগরিক অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত ‘ঢাকা উৎসব’ ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক ও নাগরিক কর্মসূচির প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর