ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টি পাথর উদ্ধার, আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর, দুটি মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া কষ্টি পাথরের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল এবং রাণীশংকৈল উপজেলার বর্ষালুপাড়া বিওপির নিয়মিত টহলদল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৩৯৬/৫-আর সীমান্ত পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান চালিয়ে দুলাল হোসেন (৩৬) ও কলিম উদ্দিন (৪০) নামে দুইজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার ও জব্দ করা হয়। এছাড়া একটি হিরো হোন্ডা মোটরসাইকেল, একটি টিভিএস মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত কষ্টি পাথরের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। জব্দ করা অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর