ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২

ডেস্ক রিপোর্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। সর্বশেষ মৃত তিনজন বরিশাল, খুলনা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭২ জন। এর ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৮৫৭ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪৬ জন। এ নিয়ে এ বছর মোট ৯ হাজার ৭৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ১৭৭ জন ঢাকা বিভাগের। এছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রামে ৫৪ জন, খুলনায় ৪৩ জন, ময়মনসিংহে ২১ জন এবং রাজশাহীতে ৪ জন ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাবে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে এ পর্যন্ত ১৯ জন ডেঙ্গুতে মারা গেছেন।

এলাকাভিত্তিক মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন, ময়মনসিংহ ও খুলনায় ৫ জন করে, চট্টগ্রামে ৪ জন, বরিশালে ৩ জন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২ হাজার ৬০৫ জন, চট্টগ্রামে ১ হাজার ৮৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ হাজার ৫৪৯ জন, খুলনায় ১ হাজার ৪২৫ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশন বাদে) ১ হাজার ৩৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ হাজার ৫৮ জন, ময়মনসিংহে ৪০৭ জন, রাজশাহীতে ৩৫১ জন, রংপুরে ১২০ জন এবং সিলেটে ৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর