সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির সাবেক চারবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় তাড়াশ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস. এম. সরদার আফসার আলী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। তিনি বলেন, “মরহুম আব্দুল মান্নান তালুকদার ছিলেন গণমানুষের নেতা ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ একজন রাজনীতিবিদ। তাঁর রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক দক্ষতা বিএনপির নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির নেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর এবং মরহুমের ছেলে, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।
বক্তারা বলেন, আব্দুল মান্নান তালুকদার দীর্ঘ রাজনৈতিক জীবনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আব্দুল মান্নান তালুকদার ১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জ জেলার ধুবিল কাটারমহল এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্ররাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসার সঙ্গেও দীর্ঘদিন সুনামের সঙ্গে যুক্ত ছিলেন।
২০২৫ সালের ১৮ জুলাই রাজধানী ঢাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ছেলে ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে তাড়াশ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।









