দেশকে আরও সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে দেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিশুদের প্রতি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর এবং সেই গাছ সম্পর্কে জানার আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ কর্মসূচির আওতায় বুধবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে প্রায় দুই লাখ গাছের চারা রোপণ করা হচ্ছে।
শিশু শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ রোপণ করতে। সেটি তোমাদের স্কুলে হোক বা বাসার আশপাশে—যেখানে সুযোগ পাবে, সেখানে একটি করে গাছ লাগাবে।”
তিনি আরও বলেন, “গাছটি কতটুকু অক্সিজেন উৎপাদন করে, মানুষের কী কী উপকারে আসে—এসব বিষয় ইন্টারনেট ঘেঁটে জানার চেষ্টা করবে। এতে প্রতি বছর একটি নতুন গাছ সম্পর্কে তোমাদের জ্ঞান বাড়বে।”
প্রধানমন্ত্রী বলেন, স্কুলে লাগানো গাছ বড় হলে তা শিক্ষার্থীদের ছায়া দেবে এবং বিশ্রামের জায়গা হয়ে উঠবে। একইভাবে বাসার আশপাশে গাছ লাগালে পরিবেশ শীতল হবে, নির্মল বাতাস পাওয়া যাবে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, “আজ একটি স্মরণীয় দিন। আজ আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করলাম।”
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









