ধানমন্ডিতে ‘সহাবস্থানের স্থাপত্য’ প্রদর্শনী, জনপরিসরে অন্তর্ভুক্তিমূলক নগর ভাবনার আহ্বান

ডেস্ক রিপোর্ট

জনপরিসর, স্থাপত্য, জলবায়ু ও লিঙ্গসমতার আন্তঃসম্পর্ক তুলে ধরতে রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে ‘সহাবস্থানের স্থাপত্য: বঙ্গীয় বদ্বীপে জনপরিসরের স্থানিক আখ্যান’ শীর্ষক ব্যতিক্রমধর্মী প্রদর্শনী। ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী ২৮ জুন থেকে আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) বাংলাদেশ গ্র্যান্টস প্রোগ্রাম’-এর সহায়তায় আয়োজিত প্রদর্শনীর নেতৃত্ব দিচ্ছেন স্থপতি সাইকা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরী। শিল্প ও স্থাপত্যের সমন্বয়ে আয়োজিত এ প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে, কীভাবে নারীবাদী নৈতিকতা, জলবায়ু-সংবেদনশীলতা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে বঙ্গীয় বদ্বীপে আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক নাগরিক পরিসর গড়ে তোলা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি এবং বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।

প্রদর্শনীর কিউরেটরিয়াল দিকনির্দেশনা দিয়েছেন লুভা নাহিদ চৌধুরী ও খ্যাতিমান শিল্পী ওয়াকিলুর রহমান। তাদের তত্ত্বাবধানে স্থাপত্যকে কেবল ভৌত অবকাঠামো নয়, বরং অংশগ্রহণ, অন্তর্ভুক্তি ও সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উপস্থাপন করা হয়েছে। প্রদর্শনীতে স্থানীয় উপকরণ, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং পরিবেশ-সংবেদনশীল স্থাপনাশিল্পের মাধ্যমে মানুষ, প্রকৃতি ও স্থানের পারস্পরিক সম্পর্ককে নতুনভাবে ভাবার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেবেন স্থপতি, শিক্ষাবিদ এবং বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টসের মহাপরিচালক অধ্যাপক কাজী খালিদ আশরাফ। এতে সংস্কৃতি অঙ্গন, শিক্ষাজগৎ, সরকার, উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেবেন।

আয়োজকদের মতে, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে লিঙ্গসমতা প্রতিষ্ঠা, জলবায়ু সংকট মোকাবিলা এবং নারী-নেতৃত্বাধীন সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে আরও অন্তর্ভুক্তিমূলক, টেকসই সমাজ ও শক্তিশালী সৃজনশীল অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবেও প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted