নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

ডেস্ক রিপোর্ট

নাটোরের সিংড়া উপজেলায় বুলবুলি খাতুন (২৫) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়িতে বসে ভাত খাওয়ার সময় স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মো. আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বুলবুলি খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক বুলবুলিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মো. আব্দুল্লাহকে আটক করা হয়।

জানা গেছে, নিহত বুলবুলি খাতুন ও আব্দুল্লাহ দম্পতির চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাংসারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের ঘাড় ও হাতের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর