কিশোরগঞ্জের কটিয়াদীতে আসরের নামাজ আদায়ের সময় মসজিদের ভেতরেই মৃত্যু হয়েছে মো. তারা মিয়া (৬৫) নামে এক মুসল্লির। নামাজরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার (১৯ জুলাই) বিকেলে কটিয়াদী বাজার কলামহল দরগা জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া কটিয়াদী পৌরসভার বাগরাইট মহল্লার মৃত মো. ইন্নছ আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কটিয়াদী পূর্বপাড়া মহল্লায় বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি কটিয়াদী বাজারে তুলার ব্যবসা করতেন।
মসজিদের মুসল্লিরা জানান, রোববার বিকেলে জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করছিলেন তারা মিয়া। তৃতীয় রাকাত শেষে চতুর্থ রাকাতে দাঁড়ানোর পর হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন। নামাজ শেষ হওয়ার পর উপস্থিত মুসল্লিরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ঈশা খান জানান, হাসপাতালে আনার আগেই তারা মিয়ার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
নামাজরত অবস্থায় এক মুসল্লির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও সহমুসল্লিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয়দের ভাষ্য, তারা মিয়া একজন ধর্মপ্রাণ, সজ্জন ও সদালাপী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।









