ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানের শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন দেওয়া হচ্ছে না। পাশাপাশি বিভিন্ন দাবি-দাওয়া উপেক্ষিত হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করে যান চলাচল সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।









