পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ

ডেস্ক রিপোর্ট

এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটি ও অসঙ্গতির অভিযোগে প্রশ্ন পরিশোধনের (মডারেটর) দায়িত্বে থাকা চারজন কলেজ শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সিলেট শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট শিক্ষা বোর্ডের জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন— শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, সিলেট এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

নোটিশে বলা হয়, গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি ও অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। প্রশ্নপত্রে এমন ভুল থাকায় পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা চরম মানসিক চাপের মুখে পড়েন।

সিলেট শিক্ষা বোর্ডের ভাষ্য, একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধকের (মডারেটর) দায়িত্ব পালনকালে এ ধরনের ত্রুটি চরম দায়িত্বহীনতা ও পেশাগত অবহেলার শামিল। এতে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এ ঘটনায় কেন সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted