দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যকর মনিটরিংয়ের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার (৬ জুলাই) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে তদারকির জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করতে হবে, যাতে যেকোনো সময় দেশের যেকোনো শ্রেণিকক্ষের পাঠদান পর্যবেক্ষণ করা যায়। এর জন্য প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট এখনো অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা সেগুলো ব্যবহার করতে অনীহা প্রকাশ করেন। তাই দেশের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি অপরিহার্য। শিক্ষা কাঠামো এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে উৎসাহিত হন।
নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।









