ভারতে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন এবং নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শীর্ষ নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ কয়েকজন নেতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় দিল্লি পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ ‘ইন্ডিয়া’ জোটের নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা করেন। পরে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ ও ধরনা শুরু করেন।
বিক্ষোভকারীদের দাবি, শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন এবং নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার দায় নিয়ে প্রধানমন্ত্রী ও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করতে হবে।
এদিকে বিক্ষোভ চলাকালে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাস্থলে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন এবং আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, বিষয়টি সংসদে আলোচনার আশ্বাস দেওয়া হলেও বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার নতুন দাবি উত্থাপন করছিলেন।
তবে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। আন্দোলনের আগে তিনি ও প্রিয়াঙ্কা গান্ধী হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, আর সরকারও পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।









