বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকারের সব ধরনের সহায়তা থাকবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

ডেস্ক রিপোর্ট

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত ফিরিয়ে আনা। এজন্য বন্যাদুর্গতদের পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষিখাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বান্দরবান শহরের পরিষদ রেস্টহাউজ চত্বরে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে তাদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি বন্যাকবলিত এলাকার বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার গৃহপালিত পশুর জন্য সরকারিভাবে বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা প্রদান করা হবে, যাতে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর