বন্যায় প্রাণহানি বেড়ে ৫৮; ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

ডেস্ক রিপোর্ট

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা ও পাহাড়ধসে দেশের সাত জেলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৮ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন আরও ৪০ জন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১৬ হাজার ৮০৫ জনে। পানিবন্দি হয়ে পড়েছে ৫২ হাজার ৪৯৩টি পরিবার। সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম জেলায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাকবলিত সাত জেলা হলো—খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার ৫৭টি উপজেলা ও ৮টি পৌরসভা বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, সবচেয়ে বেশি ৩২ জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। নিহতদের মধ্যে ১৯ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে ১৫ জন, বান্দরবানে সাত জন, রাঙামাটিতে তিন জন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।

আহত ৪০ জনের মধ্যে কক্সবাজারে ২৫ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে দুই জন এবং খাগড়াছড়িতে একজন রয়েছেন। কক্সবাজারে এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুর্গত মানুষের জন্য সাত জেলায় মোট ৮৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে বর্তমানে ৮৪৯ জন আশ্রয় নিয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের ১১টি আশ্রয়কেন্দ্রে ৩৯৫ জন, বান্দরবানের ৬৭টি কেন্দ্রে ১৫০ জন, মৌলভীবাজারের ছয়টি কেন্দ্রে ২৪৯ জন এবং রাঙামাটির একটি কেন্দ্রে ৫৫ জন অবস্থান করছেন। সরকারি হিসাব অনুযায়ী, খাগড়াছড়ির আশ্রয়কেন্দ্রগুলোতে বর্তমানে কেউ অবস্থান করছেন না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের ১৬টি উপজেলায় এখনও আংশিক জলাবদ্ধতা রয়েছে। এসব এলাকায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির হার উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।

দুর্গত মানুষের সহায়তায় সরকারের পক্ষ থেকে সাত জেলাসহ সারা দেশে এ পর্যন্ত ৫ কোটি ১৫ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৯ হাজার ৫০ মেট্রিক টন চাল, ৪ হাজার ২০০ বান্ডিল ঢেউটিন এবং গৃহ নির্মাণের জন্য ১ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সরকার জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলা, ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted