বাসা ভাড়া নিয়ে তর্ক, বাড়িওয়ালার ছেলের ঘুষিতে ভাড়াটিয়ার মৃত্যু

ডেস্ক রিপোর্ট

রাজধানীর আজিমপুরে বকেয়া বাসা ভাড়ার এক হাজার টাকা নিয়ে তর্কের জেরে বাড়ির মালিকের ছেলের মারধরে মো. স্বপন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে ও তার চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোর ৫টার দিকে আজিমপুরের ৮৭ লালবাগ রোডের ভাটা মসজিদ মেডিকেল স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন বাড়ির মালিকের ছেলে ইসাদুল ইসলাম রিজভী এবং তার চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহান।

নিহতের স্বজনদের বরাতে জানা যায়, বকেয়া ভাড়ার টাকা নিয়ে ভাড়াটিয়া স্বপন ও তার বড় ভাই রাজা মোহাম্মদ সেলিমের সঙ্গে ইসাদুল ইসলাম রিজভীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিজভী দুই ভাইকে ধাক্কা দিলে স্বপন পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত হন। পরে রিজভী ও তার চাচাতো ভাই আহত স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, তারা দীর্ঘদিন ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের নিচতলার একটি কক্ষে মাসিক ৬ হাজার টাকা ভাড়ায় সাবলেট থাকতেন। চলতি মাসের ভাড়ার মধ্যে মাত্র এক হাজার টাকা বকেয়া ছিল। রোববার রাতে রিজভী ওই টাকা চাইলে তারা দু-এক দিনের মধ্যে পরিশোধের আশ্বাস দেন। এতে ক্ষিপ্ত হয়ে রিজভী অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।

তিনি আরও জানান, সোমবার ভোর ৪টার দিকে রিজভী তার চাচাতো ভাই রোহানকে নিয়ে তাদের কক্ষের সামনে এসে আবারও বকেয়া টাকা নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে বাধা দিতে গেলে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। এরপর স্বপনকে কিল-ঘুষি মারতে মারতে টেনে-হিঁচড়ে কোয়ার্টারের সামনের মাঠে নিয়ে যাওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, হাসপাতালে আনার পর স্বপনকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted