বিকাশের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

ডেস্ক রিপোর্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ভাতা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে পৌঁছে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং দেশের শীর্ষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে সই করেন উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন এবং বিকাশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল।

চুক্তির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া প্রতিযোগীরা কোনো ধরনের প্রশাসনিক জটিলতা ছাড়াই তাদের নিজস্ব বিকাশ অ্যাকাউন্টে সরাসরি যাতায়াত ভাতা গ্রহণ করতে পারবেন। ফলে অর্থ বিতরণে সময় সাশ্রয় হবে, স্বচ্ছতা বাড়বে এবং অংশগ্রহণকারীরা দ্রুত আর্থিক সুবিধা পাবেন।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক ও স্পোর্টস বোর্ডের সদস্যসচিব মোহাম্মদ শফিউল করিম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. আলাউদ্দিন, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক মো. জসিম উদ্দিন, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক এস এম মাসুদ রানা, আইন দপ্তরের পরিচালক মো. নজরুল ইসলাম, আইসিটি দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহনেওয়াজ, জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুজাহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে বিকাশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার রাইয়ান মাহমুদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আনিসুজ্জামান।

সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতার মাধ্যমে আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বিতরণ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হবে। একই সঙ্গে ক্যাশলেস লেনদেনের মাধ্যমে অর্থ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং খেলাধুলার আয়োজন আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

জেএইচএম/কান্ট্রিবিডি

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর