‘বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না’, স্বাস্থ্যসেবায় সবার সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার স্বাস্থ্যমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশে বিনা চিকিৎসায় কোনো মানুষ মারা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, দেশের প্রতিটি নাগরিক স্বাস্থ্যসেবা পাবেন এবং কাউকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রাখা হবে না।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফার অন্যতম লক্ষ্য হলো স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং বিনা চিকিৎসায় যেন কেউ মারা না যায়, তা নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে সাখাওয়াত হোসেন বকুল বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজস্ব রাষ্ট্রব্যবস্থা অর্জন করেছে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে না নিলে আজকের স্বাধীন বাংলাদেশ গড়ে উঠত না। স্বাধীনতার সেই সংগ্রামেই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় অগ্রগতির ভিত্তি রচিত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী সাধারণ মানুষের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। হিন্দু সম্প্রদায়ের গ্রামগুলো পুড়িয়ে দেওয়া, নারী নির্যাতন এবং নির্বিচারে হত্যাকাণ্ডের বিভীষিকাময় স্মৃতি আজও তাকে নাড়া দেয়।

তিনি বলেন, স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল কুদ্দুসের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, বিএমএ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted