বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ, ৩১ আগস্ট চূড়ান্ত চুক্তি

ডেস্ক রিপোর্ট

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের ১০টি নতুন উড়োজাহাজ। এ লক্ষ্যে আগামী ৩১ আগস্টের মধ্যে এয়ারবাসের সঙ্গে চূড়ান্ত ক্রয়চুক্তি সই করবে সরকার। নতুন উড়োজাহাজগুলো ২০৩১ সাল থেকে ধাপে ধাপে বিমানের বহরে যুক্ত হবে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং ও এয়ারবাস—উভয় নির্মাতার উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ মিশ্র বহর (মিক্সড ফ্লিট) পরিচালনা করবে।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেছেন, মিশ্র বহর পরিচালনার কিছু সুবিধা থাকলেও এর জন্য আলাদা পাইলট প্রশিক্ষণ, প্রকৌশলী, যন্ত্রাংশের মজুত এবং রক্ষণাবেক্ষণ অবকাঠামো গড়ে তুলতে হবে। তাই উড়োজাহাজ কেনার আগে পূর্ণাঙ্গ কস্ট-বেনিফিট বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, বিমানের রুট, যাত্রী চাহিদা, পরিচালন ব্যয় এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই উড়োজাহাজ নির্বাচন করা উচিত।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, সরকার নীতিগতভাবে বিমানকে ধীরে ধীরে মিশ্র বহরে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এতে ভবিষ্যতে উড়োজাহাজ সংগ্রহে প্রতিযোগিতা বাড়বে এবং একটি মাত্র নির্মাতা প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমবে।

তিনি বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে এয়ারবাসের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। চুক্তি স্বাক্ষরের পর উড়োজাহাজের মূল্যসহ অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হবে। দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত কয়েক বছর ধরে বাংলাদেশের কাছে উড়োজাহাজ বিক্রি নিয়ে বিশ্বের দুই বৃহৎ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলছে। দীর্ঘ আলোচনার পর বাংলাদেশ সরকার ও এয়ারবাস ১০টি উড়োজাহাজ কেনার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। নতুন ১০টি উড়োজাহাজ যুক্ত হলে বহরের সংখ্যা বেড়ে হবে ২৯টি, যা বর্তমান বহরের তুলনায় প্রায় ৫২ দশমিক ৬ শতাংশ বেশি।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ বহর সম্প্রসারণ পরিকল্পনা বোয়িংয়ের প্রস্তাবিত ১৪টি উড়োজাহাজ কেনার ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তি থেকে পৃথক। বোয়িংয়ের উড়োজাহাজগুলোও ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে ধাপে ধাপে সরবরাহ পাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর