বিশ্বকাপ ফাইনালের আগে দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউ জার্সি, স্বাস্থ্য সতর্কতা জারি

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালের আগে কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক ও নিউ জার্সির বায়ুমানের অবনতি ঘটেছে। পরিস্থিতির কারণে স্থানীয় কর্তৃপক্ষ স্বাস্থ্য সতর্কতা জারি করে বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে অবস্থান এবং ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচকে ঘিরে প্রস্তুতি চললেও ধোঁয়াচ্ছন্ন পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর বুধবার রাতে নিউ জার্সিতে পৌঁছায় স্পেন দল। তাদের আগমনের পরই এলাকায় বায়ুমানের অবনতি হলেও বৃহস্পতিবার খোলা আকাশের নিচেই অনুশীলন করেছে দলটি। এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো উদ্বেগ প্রকাশ করেনি স্পেন।

অন্যদিকে, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনা সেমিফাইনালের পর জর্জিয়ায় অবস্থান করছিল। শুক্রবার থেকে নিউ জার্সিতে তাদের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে।

ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়াতেও ধোঁয়ার প্রভাব পড়েছে। স্থানীয় বাসিন্দা ড্যান এডগার জানান, স্টেডিয়ামে অনুশীলনের সময় তার মেয়ে ক্যাটলিন শ্বাসকষ্ট অনুভব করেছে। তার ভাষ্য, “বাইরের পরিস্থিতি ভালো নয়। নাচতে কষ্ট হচ্ছে, বাতাস ভারী মনে হচ্ছে।”

দাবানলের ধোঁয়া ও তীব্র গরমের প্রভাব ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রীড়া আয়োজনে পড়েছে। বুধবার নিউইয়র্কের কুইন্সে অনুষ্ঠিত ন্যাশনাল উইমেন্স সকার লিগের (এনডব্লিউএসএল) গথাম এফসি ও ওয়াশিংটন স্পিরিটের ম্যাচ ধোঁয়াচ্ছন্ন পরিবেশেই অনুষ্ঠিত হয়। বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় লিগের নীতিমালা অনুযায়ী প্রতিটি অর্ধে দুটি করে অতিরিক্ত বিরতি দেওয়া হয়।

ম্যাচ শেষে ওয়াশিংটন স্পিরিটের তারকা ট্রিনিটি রডম্যান বলেন, “অজুহাত দিতে চাই না, তবে এমন পরিস্থিতিতে ম্যাচ না খেলাই ভালো হতো। দুই দলের খেলোয়াড়রাই বারবার বিরতির অপেক্ষায় ছিলাম।”

তবে ২০২৩ সালের জুনে কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্কের আকাশ কমলা রঙ ধারণ করার মতো পরিস্থিতি এবার সৃষ্টি হয়নি বলে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়াম একটি উন্মুক্ত স্টেডিয়াম হলেও এখন পর্যন্ত ম্যাচ আয়োজন বা দর্শক উপস্থিতির ওপর কোনো প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়নি। ফাইনালে ৮০ হাজারের বেশি দর্শকের উপস্থিতি এবং তারকাবহুল হাফটাইম শোর আয়োজন রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে বায়ুর মান কিছুটা উন্নতি হতে পারে। এছাড়া শনিবার সম্ভাব্য বৃষ্টিপাত দাবানলের ধোঁয়া ছড়িয়ে দিতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে খারাপ বায়ুমানের কারণে বৃহস্পতিবার মেজর লিগ সকারের (এমএলএস) শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়েছে। ওই ম্যাচে শিকাগোর হয়ে অভিষেক হওয়ার কথা ছিল সাবেক বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির।

সূত্র: বিবিসি স্পোর্টস

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর