ফুটবল বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে স্থাপন করা ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে ঢুকে পড়েছেন বিপুল সংখ্যক লোকজন।
রোববার (১৯ জুলাই) রাতে নীলক্ষেত সংলগ্ন গেট ও শাহবাগ থানা-সংলগ্ন এলাকায় স্থাপিত ব্যারিকেড ভেঙে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন।
এর আগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বকাপ ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে রোববার সন্ধ্যা থেকে সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত ক্যাম্পাসে অতিথি ও যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
প্রত্যক্ষদর্শী ও দায়িত্বে থাকা বিএনসিসির কয়েকজন সদস্য জানান, সন্ধ্যার পর বহিরাগত লোকজনের সংখ্যা দ্রুত বেড়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সংঘবদ্ধভাবে নীলক্ষেত ও শাহবাগ অংশে স্থাপিত ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।









