বেনজির ও হাদী হত্যা মামলার আসামিদের ফেরাতে ইউএই-ভারতের সাড়ার অপেক্ষায় বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারতের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া আশা করছে বাংলাদেশ। এ জন্য আইন অনুযায়ী প্রয়োজনীয় সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ভারত থেকে হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের জন্য আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু করেছি। আমরা আশা করছি, উভয় সরকারের কাছ থেকে শিগগিরই ইতিবাচক সাড়া পাব।’

তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩০ দিনের সময়সীমা থাকলেও ইউএই কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যেই প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়েছে।

হাদী হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের প্রত্যর্পণের জন্যও ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে। বর্তমানে তারা ভারতে বিচারাধীন থাকলেও বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চলমান বিচার প্রক্রিয়ার মধ্যেও তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা সম্ভব।

তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশের সহযোগিতায় অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা যাবে।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted