যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ‘পূর্ণমাত্রার সামরিক অভিযান’ শুরু করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক প্রতিবেদনে রেজায়ির বরাত দিয়ে জানানো হয়, ইরান আর কেবল হামলার জবাবে সমপর্যায়ের পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজনে আরও বিস্তৃত ও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
মোহসেন রেজায়ি বলেন, “ইরান আর শুধু পাল্টা জবাব দেওয়ার নীতিতে সীমাবদ্ধ থাকবে না। কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না।”
তিনি আরও বলেন, “যুদ্ধ চলাকালে আলোচনার নীতি এখন শেষ হয়ে গেছে।” তার দাবি, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার সুযোগ কার্যত শেষ হয়ে গেছে এবং পরিস্থিতির দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।
রেজায়ি বলেন, এখন পর্যন্ত ইরান যুদ্ধের পরিধি বাড়ানো বা অন্য কোনো দেশে হামলা চালানোর নীতি গ্রহণ করেনি। বরং তাদের মূল লক্ষ্য ছিল প্রতিরোধ গড়ে তোলা এবং সংঘাতের অবসান ঘটানো।
তিনি বলেন, “এখন পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল সংঘাতের বিস্তার নয়, বরং প্রতিরোধ সৃষ্টি করে যুদ্ধের ইতি টানা। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও আমরা সেই লক্ষ্যেই নিয়েছি।”
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের এ বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেলে আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।









