বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক শাকিল পন্ডিত (২৪) নিহত হওয়ার ঘটনায় একমাত্র অভিযুক্ত সাইদুল মাতুব্বার (২৩)-কে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাতে নিহতের মা শাহিনুর বেগম মেহেন্দিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। রোববার (১২ জুলাই) অভিযুক্ত সাইদুলকে আদালতে হাজির করলে বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন।
তিনি জানান, মামলায় ব্যবহৃত হাতুড়িটি জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, লুডু খেলার চাল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাইদুল হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামের একটি কাচারি ঘরে চারজন মিলে লুডু খেলছিলেন। নিহত শাকিল পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। খেলার একটি চাল নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে সাইদুল হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন।
আহত অবস্থায় শান্ত, শুভ ও রাকিব নামে তিনজন তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।









