‘যাদের ফার্মের মুরগি বলছেন, তাদের কারণেই আজ আপনি শিক্ষামন্ত্রী’

ডেস্ক রিপোর্ট

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যাদের আপনি “ফার্মের মুরগি” বলছেন, সেই শিক্ষার্থীরাই আন্দোলনের মাধ্যমে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে। তাদের কারণেই আজ আপনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন।’

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’-য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রী বিভিন্ন সময় নকলবিরোধী বক্তব্য দিলেও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পরিচালনায় সরকারের সিদ্ধান্ত শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে ফেলেছে। বন্যাকবলিত এলাকায় হাঁটু থেকে বুকসমান পানি পেরিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে যেতে হয়েছে। এছাড়া পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘প্রশ্নপত্রে ভুল থাকার পরও সরকার দুঃখ প্রকাশ করেনি। বরং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করা হয়েছে।’

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনি যাদের “ফার্মের মুরগি” বলছেন, সেই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। শিক্ষার্থীদের পরীক্ষাগারের গিনিপিগ বানাবেন না। আপনাদের সন্তানরা দেশের বাইরে পড়াশোনা করে, আর দেশের শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।’

সংবিধান সংশোধন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাবি করেছেন যে সংবিধান সংস্কার পরিষদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। অথচ বর্তমান রাজনৈতিক বাস্তবতার অনেক ঘটনাই প্রচলিত সংবিধানের বাইরের বাস্তবতায় ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় মানুষ দীর্ঘদিন ধরে বন্যার দুর্ভোগে রয়েছেন। কিন্তু এখনও অনেক দুর্গত এলাকায় পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন তিনি। সোনারগাঁয়ের স্থানীয় সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি দাবি করেন, ওই ঘটনায় তাকে থানায় মুচলেকা দিতে হয়েছে। এছাড়া গ্যাস সংযোগে অনিয়ম, ভূমি দখল এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগও করেন তিনি।

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিক পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের সংস্কৃতি বন্ধ করতে হবে।

পথসভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহর প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থনের ঘোষণাও দেন তিনি।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted