২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। দলের অন্যতম ভরসা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ দুই হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়ায় নির্ধারিত সময়ের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চেলসির এই মিডফিল্ডার প্রথম হলুদ কার্ড দেখেন রেফারির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করায়।
এরপর ইনজুরি সময়ে পাউ কুবার্সির দিকে যাওয়া একটি ব্যাকপাস আটকাতে গিয়ে দেরিতে ট্যাকল করেন এনজো। স্পেনের এই সেন্টার-ব্যাককে ফাউল করায় স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিন্সিচ তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। নিয়ম অনুযায়ী দুটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন এই মিডফিল্ডারকে।
এনজোর বিদায়ের ফলে ম্যাচের বাকি সময় এবং অতিরিক্ত সময়ে একজন কম নিয়ে খেলতে হয় আর্জেন্টিনাকে, যা শিরোপার লড়াইয়ে দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
এই লাল কার্ডের মাধ্যমে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে বহিষ্কৃত হওয়া ষষ্ঠ ফুটবলার হিসেবে নাম লেখান এনজো ফার্নান্দেজ।
এর আগে ১৯৯০ সালের ফাইনালে আর্জেন্টিনার পেদ্রো মনসোন ও গুস্তাভো দেসোত্তি, ১৯৯৮ সালে ফ্রান্সের মার্সেল দেসাই, ২০০৬ সালে ফ্রান্সের জিনেদিন জিদান এবং ২০১০ সালে নেদারল্যান্ডসের জন হাইতিঙ্গা বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।









