খুলনার পাইকগাছায় পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্নার সময় হঠাৎ রঙ পরিবর্তন করে গাঢ় সবুজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ। রান্না করা মাংসসহ কড়াই থানায় নিয়ে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
বুধবার (২৩ জুলাই) দুপুরে পৌরসভার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা মাংস রান্না করতে গিয়ে এ ঘটনার মুখোমুখি হন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাংস ধোয়ার সময় প্রথমেই ধোয়ার পানি কালচে রঙ ধারণ করে। পরে কড়াইয়ে রান্না শুরু করার কিছুক্ষণ পর মাংসের স্বাভাবিক লাল রঙ ধীরে ধীরে গাঢ় সবুজে পরিণত হয়। এমন অস্বাভাবিক দৃশ্য দেখে রান্নার দায়িত্বে থাকা ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।
পরে রান্না করা মাংসসহ কড়াই নিয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও পাইকগাছা থানায় যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাংসের নমুনা আলামত হিসেবে জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় মাংস বিক্রেতা ইসমাইল দাবি করেন, ওই দিন জবাই করা গরুর সব মাংস ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে তার দোকানের ফ্রিজে সংরক্ষিত মাংস রয়েছে এবং প্রয়োজন হলে সেখান থেকে বিকল্প মাংস দেওয়া যাবে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জব্দ করা মাংসের নমুনা পরীক্ষাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পরই মাংসের রঙ পরিবর্তনের প্রকৃত কারণ জানা যাবে। কোনো অনিয়ম বা অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচএম/কান্ট্রিবিডি









