শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে বৃহস্পতিবার ফের ‘লংমার্চ

ডেস্ক রিপোর্ট

বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে দ্বিতীয় দফায় আলটিমেটাম দিয়েছেন।

শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অন্যথায় বৃহস্পতিবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে ‘লংমার্চ’ কর্মসূচি পালন করা হবে।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণার পর আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে চলে গেলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, “রাস্তা আটকে থাকায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা জনগণের কষ্ট চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। তবে আমাদের দাবি একটাই—শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ রাত ১০টার মধ্যে তিনি পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।”

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী জুনায়েদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার দুপুর ১২টায় সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে। পরে সেখান থেকে সচিবালয়ের দিকে অগ্রসর হবেন আন্দোলনকারীরা।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে শাহবাগ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে অফিসফেরত যাত্রী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

বিকেল ৪টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। সেখানে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে শাহবাগের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted