সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ হবে না: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা পরিবর্তনের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দেয়নি।’

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালতলা চত্বরে ‘জুলাই পথযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। বিরোধী দলকে কথা বলতে দেওয়া হচ্ছে না, সংসদে বক্তব্য রাখতে বাধা দেওয়া হচ্ছে এবং জনসভায় ককটেল ও বোমা হামলার ঘটনা ঘটছে। কেউ যদি আবার একদলীয় শাসনের স্বপ্ন দেখে, তবে তাদের আওয়ামী লীগের পরিণতি স্মরণ রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জনগণের প্রধান দাবি ছিল রাষ্ট্র সংস্কার। জনগণ গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে রায় দিলেও বর্তমান সরকার ক্ষমতায় এসে সেই সংস্কার ও জুলাই সনদ থেকে সরে এসেছে।

নাহিদ ইসলামের দাবি, জুলাই সনদ বাস্তবায়ন হলে পুলিশ ও প্রশাসন দলীয়করণ থেকে মুক্ত হবে, বিচারব্যবস্থায় স্বচ্ছতা আসবে এবং চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
সরকারের কর্মসংস্থান প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় আসার আগে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও চার মাসে একটি কর্মসংস্থানও সৃষ্টি হয়নি। চলতি বাজেটেও কর্মসংস্থান বৃদ্ধির কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই বলে অভিযোগ করেন তিনি।

জ্বালানির মূল্য প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এতে সাধারণ মানুষ আরও চাপের মুখে পড়েছে।

সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড ও পুশইনের ঘটনা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ভারতের সঙ্গে দৃঢ়ভাবে আলোচনা করে অবৈধ পুশইন বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ দলটির স্থানীয় নেতা-কর্মীরা।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted