‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে দেশের সব মাদরাসায় স্মরণসভা ও বিশেষ মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ১৬ জুলাই নিজ নিজ প্রতিষ্ঠানের সুবিধাজনক সময়ে এ কর্মসূচি পালন করতে বলা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে নির্দেশনাটিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী বোর্ডের আওতাধীন সব মাদরাসায় স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি মাদরাসা নিজস্ব সুবিধাজনক সময়ে জুলাই শহীদদের স্মরণে স্মরণসভা আয়োজন করবে। পাশাপাশি শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।









