দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে জারি করা এক জরুরি আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত তদারকি নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পাঠদান, প্রশাসনিক কার্যক্রম এবং পরিচ্ছন্নতা নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ লক্ষ্যে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক, দেশের সব আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ, প্রশাসনিক স্বচ্ছতা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা তদারকি করবেন। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তদারকি কার্যক্রম অব্যাহত রাখতে বলা হয়েছে।









