দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’ একইসঙ্গে তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান আরও কার্যকর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন।
সোমবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ একসময় বাংলাদেশের চেয়েও অনুন্নত ছিল। অথচ আন্তরিক প্রচেষ্টা ও সম্মিলিত উদ্যোগে তারা অনেক দূর এগিয়েছে। বাংলাদেশকেও একইভাবে এগিয়ে নিতে সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
ভেজালবিরোধী কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে নিয়ে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নর্দেশ দেন প্রধানমন্ত্রী। আগামী এক মাসের মধ্যে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় ভোক্তা অধিকার অধিদফতর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা জেলা পর্যায়ে জনবল সংকট, আধুনিক ল্যাবরেটরির অভাব, প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনায় নিরাপত্তা ঝুঁকি এবং মোবাইল কোর্টের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
জনসচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী গুলশান লেকের উদাহরণ দেন। তিনি বলেন, অনেক সময় শিক্ষিত মানুষই অসচেতনভাবে পরিবেশ দূষণের জন্য দায়ী হন। দেশকে বদলে দিতে শুধু সরকারের উদ্যোগ নয়, নাগরিকদের দায়িত্বশীল আচরণও সমান গুরুত্বপূর্ণ। সবাইকে সচেতন হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









