বাগেরহাট পৌরসভার রেলরোডসংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ জন সক্রিয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে বাগেরহাট সদর মডেল থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।
পুলিশ জানায়, অভিযানের সময় ৪০ থেকে ৪২ জনের একটি দল সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্কভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়।
এজাহারভুক্ত তিনজনসহ আরও ২০ থেকে ২৫ জন অজ্ঞাতনামা আসামি কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশের দাবি, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক সমাবেশের আয়োজন করেছিল।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত)-এর সংশ্লিষ্ট ধারায় বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৭ জন নেতা-কর্মীকে আটক করেছি। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
জেএইচএম/কান্ট্রিবিডি









