সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৪ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী আর নেই। ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গত তিন মাস ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নজরুল ইসলামের ভাতিজা বায়েজিদ আল নাহিয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ চট্টগ্রাম নগরের বেভারলি হিল আবাসিক এলাকার বাসভবনে নেওয়া হচ্ছে। সেখানে রাত ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৪ আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০২৪ সালের শুরুতে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে একই বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর সংসদ বিলুপ্ত হলে তার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য হিসেবে দায়িত্বের অবসান ঘটে। তিনি আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহসভাপতির দায়িত্বও পালন করেছিলেন।

শেয়ার করুন

মন্তব্য করুন

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted