সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, প্রশাসনের সহায়তায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশস্থলে বিস্ফোরণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব অভিযোগ করেন। এর আগে রাত পৌনে ১০টার দিকে সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীদের ছোটাছুটি করতে দেখা যায়। পরে নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
আরও পড়ুন: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ
নাহিদ ইসলাম বলেন, “স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? আমাদের হত্যা করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।”
তিনি আরও বলেন, “এই সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে। সমাবেশের নিরাপত্তা কেন নিশ্চিত করা হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে।”
পুলিশ প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করে নাহিদ ইসলাম বলেন, সমাবেশের দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে জানতে হবে কীভাবে বিদ্যুৎ বন্ধ হলো এবং কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল।
এ ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন উল্লেখ করে তিনি দ্রুত বিচার দাবি করেন। অন্যথায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারি দেন।
এনসিপির কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভয়ভীতি, হামলা বা বোমাবাজি কোনো কিছুই তাদের আন্দোলন থামাতে পারবে না। জুলাইয়ের আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন, হত্যাকাণ্ডের বিচার, সীমান্ত সুরক্ষা এবং তরুণদের কর্মসংস্থানের দাবিতে দলের পদযাত্রা ও কর্মসূচি চলমান থাকবে।









